দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে ফুটবলের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হলে আনুষ্ঠানিক সফরে আসবেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। স্টেডিয়াম সংস্কার, টেকনিক্যাল সেন্টার নির্মাণ ও সিলেটে হাইব্রিড পিচ তৈরির কাজ শুরু হলে এসব প্রকল্প উদ্বোধন করতে তিনি বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
রোববার দুপুরে মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি করেন ফিফা সভাপতি। এ সময় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তাবিথ আউয়াল ও বাফুফের সহসভাপতিরা। বৈঠকে বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন, ফিফা ফরোয়ার্ড কর্মসূচির অর্থায়ন এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের তাবিথ আউয়াল জানান, বাংলাদেশ সরকার ইতিমধ্যে বাফুফেকে ১৫ একর জমি বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুটি স্টেডিয়াম পরিচালনার দায়িত্ব পেয়েছে ফেডারেশন। এসব স্টেডিয়াম সংস্কার, ফ্লাডলাইট স্থাপন, টেকনিক্যাল সেন্টার নির্মাণ এবং সিলেটে একটি হাইব্রিড পিচ তৈরিতে ফিফা ফরোয়ার্ড কর্মসূচির অর্থ ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
চলতি বছর থেকেই এসব প্রকল্পে অর্থ ব্যয় শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘যখনই আমরা টেকনিক্যাল সেন্টার, সিলেটের হাইব্রিড পিচ অথবা স্টেডিয়ামের সংস্কারকাজ শুরু করতে পারব, তখনই ফিফা প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে সেগুলো উদ্বোধন করতে বাংলাদেশে আসবেন। তিনি যেকোনো সময় আসতে প্রস্তুত, সময়টা মূলত আমাদের কাজের অগ্রগতির ওপর নির্ভর করছে।’
তাবিথ আউয়াল জানান, বাংলাদেশের ফুটবল উন্নয়নে সরকারের নেওয়া দুটি উদ্যোগের কথা শুনে জিয়ান্নি ইনফান্তিনো সন্তোষ প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছে স্টেডিয়ামগুলোতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং চতুর্থ শ্রেণি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ফুটবলসহ অন্যান্য খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনা।
এ ছাড়া যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া ও সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ত করতে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় আসিয়ান কাপে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা এবং সান মারিনোর মতো ইউরোপীয় দলের সঙ্গে ভবিষ্যতে আরও ম্যাচ খেলার আগ্রহের কথাও ফিফা সভাপতিকে জানানো হয়।
বাফুফে সভাপতি বলেন, বৈঠকে সাফ চ্যাম্পিয়নশিপ বা ফিফার নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। আগামী ১৮ নভেম্বর ফিফা সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এরপর এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করা হবে।
সাফ অঞ্চলে নেপালের ওপর ফিফার নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে তাবিথ আউয়াল বলেন, ‘বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা চাইব দ্রুত যেন নেপালের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায় এবং তারা সাফে ফিরতে পারে।’
ভুটান সফর শেষে টোকিওতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে ঢাকায় আবারও সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন ইনফান্তিনো। তবে সে সময় বিমানবন্দর থেকেই সংযোগকারী ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হবেন তিনি।
তাবিথ আউয়াল আরও বলেন, বাংলাদেশের সরকার ও বাফুফে ফুটবল উন্নয়নে কতটা আন্তরিক, তা ফিফা সভাপতি উপলব্ধি করতে পেরেছেন। বাংলাদেশের ফুটবলের অগ্রগতি দেখে তিনি মুগ্ধ হয়েছেন এবং এ উপলক্ষে একটি ভিডিও বার্তাও দিয়েছেন। ভবিষ্যতে ফিফার কাছ থেকে আরও বড় পরিসরে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন বাফুফে সভাপতি।
এমএম/